মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজনের নতুন আমীর

বাংলাদেশে হেফাজতে ইসলামের একজন উপদেষ্টা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন আমীর হিসাবে ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সংগঠনটির পক্ষ থেকে নতুন আমীর হিসাবে তার নাম ঘোষণা করা হয়। গতকাল বেলা সাড়ে ১২ টার দিকে হেফাজতের আমীর জুনায়েদ বাবুনগরী স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।

রাতে একদিকে যখন চট্টগ্রামের হাটহাজারী এলাকায় জুনায়েদ বাবুনগরীর জানাজার প্রক্রিয়া চলছিল, তখন অন্যদিকে চলছিল সংগঠনটির নতুন আমীর নির্ধারণ করে রাতেই সে বিষয়ে ঘোষণা দেওয়ার প্রক্রিয়া। হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জেহাদী বিবিসিকে বলেছেন, সন্ধ্যার পর থেকে হেফাজতের কেন্দ্রীয় কমিটির নেতারা টেলিফোনে আলোচনা করে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন আমীর হিসাবে ঘোষণা করেছেন। পরে কাউন্সিলে সেটা তারা অনুমোদন করে নেবেন।

জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই নতুন আমীর নির্ধারণ করার কারণ জানতে চাইলে জেহাদী বলেন, তারা তাড়াহুড়ো করেননি। জুনায়েদ বাবুনগরীর জানাজায় যেহেতু অনেক লোকসমাগম হয়, তাদের অবহিত করার সুযোগ নিতেই তারা দ্রুত নতুন আমীর ঠিক করেছেন। জেহাদী জানিয়েছেন, নতুন আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী জুনায়েদ বাবুনগরীর মামা হন। এছাড়া তিনি এতদিন হেফাজতের প্রধান উপদেষ্টা হিসাবে ছিলেন।