শাহজাদপুরে গৃহবধূর লাশ উদ্ধার

শাহজাদপুর থানা পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। ওই গৃহবধূর নাম সোনিয়া খাতুন (২৫)। সোনিয়া সিরাজগঞ্জের তারাশ উপজেলা সদরের উপজেলা পাড়ার বাসিন্দা। তার পিতার নাম শাহ আলম সরকার।

শাহজাদপুর থানা ও সোনিয়ার পরিবার সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে সোনিয়া খাতুনের সঙ্গে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শাহজাহান আকন্দের প্রবাসী ছেলে আবুল কালাম আকন্দর বিয়ে হয়। বিয়ের পর কালাম দেশে ফিরে ভবঘূরে জীবন শুরু করে।

সোনিয়ার বড় চাচা ইয়াকুব আলী সরকার অভিযোগ করেন, ‘ব্যবসার কথা বলে বেশ কয়েকবার আবুল কালাম টাকা নেয়। টাকা দিতে দেরি হলে কালাম প্রায়ই সোনিয়ার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো।’

সোনিয়ার বড় চাচা ইয়াকুব আলী সরকার আরো জানান, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোনিয়ার শ্বশুরবাড়ি থেকে মোবাইল ফোনে জানানো হয় সনিয়া গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে  আমি ও সোনিয়ার বাবা আমার আর এক ভাইকে নিয়ে রাতেই সোনিয়ার বাড়িতে যাই। সেখানে দেখতে পাই সোনিয়ার ঘরে তার নিথর দেহ পড়ে আছে।’

সোনিয়ার পিতার দাবি তার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। সোনিয়া সাড়ে তিন বছরের একটি পুত্র সন্তান রেখে গেছেন। 

আরও পড়ুনঃ কলেজছাত্রী মুক্তার ঘাতক গ্রেফতার

শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, ‘লাশ ময়না তদন্তরের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। নিহতের বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।’

ইত্তেফাক/নূহু