কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীত ও আবহাওয়াজনিত ডায়রিয়ার রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত চার দিনে উপজেলার ছয় ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী ফুলবাড়ী হাসপাতালে ভর্তি হয়েছে।
ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে কিছু সংখ্যক বৃদ্ধ ও বেশিরভাগই শিশু বলে জানিয়েছেন কর্মরত চিকিৎসকরা। হঠাৎ এ উপজেলায় শিশুসহ বৃদ্ধরা ডায়রিয়া আক্রান্ত হওয়ার ঘটনায় এলাকাবাসী চিন্তিত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ও শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ডায়রিয়া আক্রান্ত ২০ জন শিশু ও দুই জন বৃদ্ধা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. এরশাদুল হক গত চার দিনে অর্ধশতাধিক ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তির বিষয়টির নিশ্চিত করেছেন।
শুক্রবার দুপুরে ফুলবাড়ী হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি আছেন, উপজেলার প্রাণকৃষ্ণ গ্রামে শাহিনের মেয়ে ছাদিয়া (১৭ মাস), পশ্চিম ধর্মপুর গ্রামের ইসলামের ছেলে ছামিউল (১৩ মাস), মিয়াপাড়া গ্রামের ছাইফুর রহমানের মেয়ে তাকছিন (০৭ মাস), পশ্চিম ফুলমতি গ্রামের খোরর্শেদ আলমের ছেলে রবিউল আউয়াল (০৮ মাস), উত্তর বড়ভিটা গ্রামের ফজল উদ্দিনের ছেলে ইয়াছিন (১৮ মাস), মধ্য-কাশিপুর গ্রামের ছেলে কাওছার (০১ বছর) ও মেয়ে সুমাইয়া (০১ বছর), কাশিপুর গ্রামের মহাসিন আলীর ছেলে (১৪ মাস), বড়লই গ্রামের মৃত আরজান আলীর স্ত্রী হাজরা বেগম (৬০), রাবাইটারী গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মজিয়া বেগম (৫০)। অন্য সব রোগী চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরে গছে।
আরও পড়ুনঃ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
এ ব্যাপারে ফুলবাড়ী হাসপাতালের মেডিকেল অফিসার আজরিন আক্তার জানান, ‘শীত, আবহাওয়া পরিবর্তন ও ভাইরাসজনিত কারণে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত চারদিনে অর্ধশতাধিক রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশুর সংখ্যায় বেশি। আক্রান্ত রোগীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা সেবা চলছে। অনেকেই সুস্থ হয়ে বাড়ীতে ফিরে যাচ্ছে। তবে বর্তমানে সার্বিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক।’
ইত্তেফাক/নূহু