বাকি সদস্যদের রেখে আগেই ঢাকায় কিউই দুই ক্রিকেটার

আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। স্বাগতিকদের সঙ্গে তারা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তবে পুরো দলকে রেখে আগেই ঢাকায় চলে এসেছেন স্কোয়াডে থাকা কিউই দুই ক্রিকেটার।

আজ শুক্রবার (২০ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। তারা ইংল্যান্ড থেকে এসেছেন। সেখানে এই দুইজন ক্রিকেটের নতুন সংস্করণ ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে খেলছিলেন।

জানা গেছে, যদি তারা আগে নিউজিল্যান্ডে যেতেন তাহলে সেখানে দলের সঙ্গে যোগ দেওয়ার আগে বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করতে হতো। তাই ঝামেলা এড়াতে এই দুইজনকে ইংল্যান্ড থেকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

সকালে ঢাকায় পা রাখার পরই তাদেরকে সরাসরি অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তারা কোয়ারেন্টিন পালন করবেন। দলের বাকি সদস্যরা ২৪ তারিখে এসে তাদের সঙ্গে যোগ দেবেন।

আগামী ১ সেপ্টেম্বর থেকে উভয় দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে। ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলোই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।

নিউজিল্যান্ড দল

টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট রক্ষক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেট রক্ষক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেজন, কোল ম্যাকননিক, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রচীন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।

বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, শামীম হোসেন, কাজী নুরুল হাসান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

ইত্তেফাক/টিএ