রংপুর বিভাগে করোনায় মৃত্যু ও শনাক্ত কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। নতুন করে ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে ২১ দিনে রংপুর বিভাগের আট জেলায় করোনায় ২২৩ জনের মৃত্যু হয়েছে। গড় হিসেবে প্রতিদিন বিভাগে মৃত্যু হয়েছে ১০ জনেরও বেশি মানুষের। শনিবার (২১ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন মৃতদের মধ্যে ঠাকুরগাঁওয়ে দুইজনসহ রংপুর, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার একজন করে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে ৪৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরে ৪৮ জন, গাইবান্ধায় ১৯, দিনাজপুরে ১৪, ঠাকুরগাঁওয়ের ৭, কুড়িগ্রামে ৭, পঞ্চগড়ে ৭, লালমনিরহাট ৭, নীলফামারী জেলার ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৩৯% শতাংশ।
ছবি: সংগৃহীত
সর্বশেষ সাত জনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৪৩ জন। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে আছে দিনাজপুর। এ জেলায় সর্বোচ্চ ৩১১ জন মারা গেছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৬৮ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৫৯ জন মারা গেছেন লালমনিরহাটে। এছাড়া ঠাকুরগাঁওয়ে ২২৯ জন, নীলফামারী ৮১, পঞ্চগড়ে ৭৩, কুড়িগ্রামে ৬৩ ও গাইবান্ধা ৫৯ জন মারা গেছেন।
করোনার টিকা গ্রহণ প্রক্রিয়া সহজ হওয়াতে সাধারণ মানুষের মধ্যে বেড়েছে সচেতনতা। এখন পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় প্রায় ২৩ লাখের বেশি নারী-পুরুষ টিকা নিয়েছেন। বর্তমানে আঠারো বছর বয়সের ঊর্ধ্বে সকলেই করোনার টিকা গ্রহণ করতে পারবেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে।
ইত্তেফাক/এএএম