পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি-জামাত দেশ বিরোধী মহাপরিকল্পনা করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো, তবে তারা সফল হয় নি, সফল হবেও না। বাংলার মাটিতেই তাদের বিচার হবে। বিএনপি-জামাতকে এদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি-জামাতের অরাজকতার কথা এদেশের মানুষ কখনো ভোলে নাই। কারণ, এদেশের মানুষ জানে, 'একাত্তর, পঁচাত্তর ও ২০০৪-এর ২১ আগস্ট বোমা হামলার ঘটনা মূলত একই সূত্রে গাঁথা।'
২০০৪ সালের ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শনিবার (২১ আগস্ট) বিকেল শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানায় আওয়ামী লীগের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে যুক্ত তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, একাত্তরের লাখো শহীদের রক্তে যে মাটি ভিজেছিল, যে মাটি বঙ্গবন্ধুর রক্তে ভিজেছিল পঁচাত্তরে, সেই মাটিতে আবারও রক্তস্রোত, যা ২০০৪ সালের ২১ আগস্ট বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে। সেদিন তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। পঁচাত্তরের বুলেট ২০০৪ সালের ২১ আগস্ট ফিরে আসে প্রাণঘাতী গ্রেনেড হয়ে। নেতাকর্মীরা প্রাণপণ করে নেত্রীর সুরক্ষায় গড়ে তোলে মানবঢাল। আল্লাহ তায়ালার অশেষ রহমতে আবারও বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি নিজেও গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ঢাকায় ও ভারতে চিকিৎসাধীন। আজও শরীরে স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছি।
এসময় বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, সহ-সভাপতি এমএ কাইয়ুম পাইক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমুখসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমএএম