রাজধানী ঢাকাসহ দেশজুড়েই ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে। আশঙ্কাজনক হারে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে শিশুরা। অতীতের যে কোন সময়ের তুলনায় বেশি। একদিনের ব্যবধানে রেকর্ড সংখ্যক শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ৮০ জন শিশু ভর্তি আছেন। এর মধ্যে ইসিইউতে ভর্তি আছেন ৭ জন শিশু।
শনিবার (২১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সফি আহমেদ বলেন, বিগত বছরের তুলনায় চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। ঢাকা শিশু হাসপাতালে একদিনে সর্বোচ্চ ৮০ শিশু ভর্তি হয়েছে।
জানা গেছে, শিশু হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা গত কয়েক বছরের রেকর্ড ভেঙেছে। চলতি মাসের ২১ দিনেই হাসপাতালটিতে শিশু রোগী ভর্তি হয়েছে ২৩২ জন।
ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাফি আহমেদ জানান, ডেঙ্গু বাসায় থাকা এডিস মশার কামড়ে হয়। নগরীর চার পাশের ময়লা-আবর্জনার স্তূপ থাকা, নোংরা ড্রেন পরিষ্কার না করায় চলতি বর্ষা মৌসুমে মশার প্রজনন বেড়ে গেছে। অথচ নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এবং মশার প্রজননক্ষেত্র ধ্বংস করলেই মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ইত্তেফাক/এনএ