বিনোদন রিপোর্ট
দীর্ঘদিন ধরেই রম্য বা কথাসাহিত্যের পাশাপাশি নির্মাণের কাজ করছেন ইশতিয়াক আহমেদ। সম্প্রতি ‘কিশোর গ্যাং’ নামে নতুন একটি ওয়েব ফিল্ম নির্মাণ করলেন তিনি। নারায়নগঞ্জের বেশ ক’টি লোকেশনে টানা কয়েকদিন এই সিরিজের শুটিং হয়। এর আগে ইশতিয়াক আহমেদের নির্মাণে একাধিক মিউজিক ভিডিও ও একক নাটক বেশ প্রশংসা কুড়িয়েছে। কিশোর গ্যাং ওয়েব ফিল্ম প্রসঙ্গে ইশতিয়াক আহমেদ বলেন,‘গল্পটি সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে। এ সময়ের তরুণদের গল্প এটি। এ ধরনের কাজ করাটা বেশ ঝুঁকিপূর্ণ। কারণ সমসাময়িক দৃষ্টিকোণ থেকে গল্পটা এগিয়ে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। সেই মেসেজটিই পুরো কাজটির মূল প্রতিপাদ্য। মেসেজটি যেন উঠতি তরুণদের মনের ভেতরে এক ধরনের বোধ তৈরি করে সেই চেষ্টাতেই গল্প এগিয়েছে।’ উল্লেখ্য, দেশীয় প্রেক্ষাপটে এ ধরনের কাজ খুব কম হয়েছে। আমরা রাম গোপাল ভার্মা বা অনুরাগ কাশ্যাপের কাজের ভেতরে যা দেখি, সেদিক দিয়ে পুরো কাজটিতে নারায়নগঞ্জ পুলিশ খুব সহযোগিতা করেছে বলে জানান নির্মাতা। ইশতিয়াক বলেন, ‘পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা না জানালে অন্যায় হবে। কারণ পুরো গল্পে বাস্তবতা তুলে ধরতে তাদের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। প্রডাকশনটি এখন সম্পাদনার টেবিলে। খুব শিগগিরই দর্শকদের কাছে তুলে দিতে পারব আশা করছি।’