ইত্তেফাক রিপোর্ট
বিদায়ি সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৪টির বা ৫৯ দশমিক ২৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২ দশমিক ১০ টাকা। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৭ দশমিক ৬০ টাকা। অর্থাত্, সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৫০ টাকা বেড়েছে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২১ দশমিক ৩৭ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১৮ দশমিক ১৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১৭ দশমিক ৭১ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১৭ দশমিক ১৪ শতাংশ, জিবিবি পাওয়ারের ১৬ দশমিক ৯৪ শতাংশ, দেশ জেনারেল ইনসিওরেন্সের ১৬ দশমিক ৫৯ শতাংশ, রিং শাইনের ১৫ দশমিক ৭৯ শতাংশ, পূরবী জেনারেল ইনসিওরেন্সের ১৫ দশমিক ৬৭ শতাংশ এবং স্টাইলক্রাফটের শেয়ারদর ১৪ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।