২১ আগস্ট গ্রেনেড হামলা

দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ

ইত্তেফাক ডেস্ক

একুশে আগস্ট গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকীতে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এছাড়া অনেক স্থানে দোয়া মাহফিল, আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

চট্টগ্রাম :নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বক্তব্য রাখেন।

রাজশাহী :নগরীর মুনলাইন গার্ডেন কনভেনশন সেন্টারে প্রতিবাদ সভা, মিলাদ, দোয়া মাহফিল ও গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ অন্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে রাজশাহী জেলা অওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

সিলেট :জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. লুত্ফুর রহমান। পরে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত নেতৃবৃন্দের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মাগুরা :মাগুরা জেলা ছাত্রলীগের উদ্যোগে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের জামরুলতলা জেলা কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ২০০৪ সালে ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবি জানান।

জয়পুরহাট :জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গ্রেনেড হামলায় সকল শহিদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গাইবান্ধার :গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নাটোর :একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ। শহরের কানাইখালি পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এছাড়া বরিশালের আগৈলঝাড়া, ভোলার মনপুরা, ঝালকাঠির কাঠালিয়া, চট্টগ্রামের মিরসরাই, পাবনার ঈশ্বরদী ও চাটমোহর, ইসলামী বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের কোটালীপাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফরিদপুরের মধুখালী, ঝিনাইদহের মহেশপুর, নেত্রকোনার মদন, কুড়িগ্রামের ফুলবাড়ী, মেহেরপুরের গাংনী এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়।