কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় জেলার বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যানপুত্র আদনান হায়দারসহ চার জনকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে বুড়িচং থানা পুলিশ তাদের কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতারের পর শনিবার ভোর রাতে কুমিল্লায় নিয়ে আসে। এদিকে আহত সাংবাদিক ইকবাল হোসেন সুমন বর্তমানে চিকিত্সাধীন আছেন। তিনি দৈনিক যুগান্তরের বুড়িচং উপজেলা প্রতিনিধি। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট রাতে কুমিল্লা নগরীর বাসায় ফেরার পথে বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের তুঁতবাগান এলাকায় সাংবাদিক ইকবাল হোসেন সুমনের মোটরসাইকেলের গতিরোধ করে মাথায় অস্ত্র ঠেকিয়ে অমানবিক নির্যাতন করে আদনান ও তার সহযোগীরা। এ ঘটনায় ঐ সাংবাদিক বাদী হয়ে আদনানসহ ৯ জনের বিরুদ্ধে ১৯ আগস্ট থানায় মামলা করেন। বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান, এ মামলার আসামি আদনান হায়দার, মহিউদ্দিন, জজু মিয়া ও ফরহাদ আহমেদ মৃধাকে কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতারের পর শনিবার ভোর রাতে কুমিল্লায় নিয়ে আসা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আদনানের বিরুদ্ধে এর আগেও বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।