জামালপুরে হোটেলশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক হোটেল শ্রমিকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সরিষাবাড়ী পৌর শহরের তাড়িয়াপাড়া এলাকায় ঘর থেকে লিটন মিয়া নামের হোটেল শ্রমিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। নিহত লিটন তাড়িয়াপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, লিটন সরিষাবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালের করম আলীর হোটেলে কাজ করে আসছিল। শনিবার সকালে লিটন কাজে না যাওয়ায় হোটেল মালিক করম আলী তাকে বাড়িতে ডাকতে যান। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন, কিন্তু সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে  ভেতরে গিয়ে লিটনের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ দেখতে পান। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার (ওসি) (তদন্ত) আব্দুল মজিদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।