সংবাদ সংক্ষেপ

মেলান্দহে ছোট ভাইকে খুনের দায়ে বড় ভাই গ্রেফতার

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের বন্দরৌহা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পরে রাতেই পুলিশ নিহতের বড় ভাই এনামুল (৩৮)কে গ্রেফতার করে। জানা গেছে, বন্দোরৌহা গ্রামের আব্দুল মান্নান ওরফে তোতা মণ্ডলের কাছ থেকে কৌশলে জমি লিখে নেয় ছেলে এনামুল হক। এ নিয়ে এনামুলের ভাইদের মধ্যে বিরোধ চলছিল। এক পর্যায়ে শুক্রবার সংঘর্ষ বাধে। এনামুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপালে ঘটনাস্থলেই ছোট ভাই জাকারিয়া (৩৫) মারা যায়। অফিসার ইনচার্জ এম এম  ময়নুল ইসলাম জানান, নিহতের বড় ভাইকে আহত অবস্থায় গ্রেফতার শেষে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রাতেই নিহতের বাবা আব্দুল মান্নান তোতা বাদী হয়ে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা মিরসরাইয়ে পানিতে ডুবে মো. রায়হান নামের আট বছর বয়সি এক শিশু মারা গেছে। শুক্রবার দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের কালা ড্রাইভার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ইদিলপুর প্রকাশ কাজী গ্রামের ব্যাপারী বাড়ির মাঈন উদ্দিনের ছেলে। জানা যায়, কয়েকদিন আগে শিশুটি তার মায়ের সঙ্গে বেড়াতে নানার বাড়িতে যায়। শুক্রবার দুপুরে তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা।

পুকুরে মাছের পোনা অবমুক্ত

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জের বিভিন্ন এলাকার ২৩টি পুকুরে শনিবার দুপুরে সাড়ে ৫০০ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মত্স্য অধিদপ্তরের উদ্যোগে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম উপজেলা প্রশাসন ও থানার পুকুরে মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন।  

প্রেসক্লাবের কার্যকরী পরিষদের পরিচিতি সভা

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা মুক্তাগাছা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। মুক্তাগাছা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালাম।

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা গঙ্গাচড়ায় বন্যার্ত এবং পানিবন্দি মানুষের মধ্যে শনিবার প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ করা হয়। উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের পশ্চিম ইচলি এলাকার ১৫০টি বন্যাকবলিত এবং পানিবন্দি পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।

‘ভুদুম’ বাঁশ বিষয়ে প্রশিক্ষণ ও চারা বিতরণ

মান্দা (নওগাঁ) সংবাদদাতা মান্দায় বিরল প্রজাতির ‘ভুদুম’ বাঁশ রোপণ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মান্দা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিল্লুর রহমান প্রধান অতিথি ছিলেন।

কর আদায়ে ডিজিটাল দাখিলা উদ্বোধন

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা গলাচিপায় কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির মাসিক সভা এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে ডিজিটাল দাখিলা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল দাখিলা উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।

জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা

আমতলী (বরগুনা) সংবাদদাতা আমতলীতে ভূমি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা শুক্রবার অনুষ্ঠিত হয়। এএলআরডির সহযোগিতায় বেসরকারি সংগঠন আরবান এ কর্মশালার আয়োজন করে।

অক্সিজেন সিলিন্ডার প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি করোনা রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকাস্থ সরাইল সমিতি সরাইল অক্সিজেন ব্যাংক নামের সংগঠনকে ১৪টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে। বৃহস্পতিবার বিকালে সরাইল মনোয়ারা (প্রা.) হাসপাতাল প্রাঙ্গণে ঢাকার সরাইল সমিতির পক্ষ থেকে এসব অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।