বৃষ্টি হলে সান্তাহার হাটে কেনাবেচা বন্ধ!

বগুড়ার সান্তাহার পৌর শহরের একমাত্র রাধাকান্ত হাট ও বাজার বৃষ্টি হলে জলাবদ্ধ হয়ে পড়ে। অল্প বৃষ্টিতেই দোকানপাটে হাঁটু পানি জমে যায়। এ সময় কেনাবেচা থাকে বন্ধ। শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে; বাকি দিনগুলোতে মাছ মাংস থেকে শুরু করে সব নিত্যপণ্যের বেচাকেনা চলে। শহর ও আশপাশের মানুষের কেনাকাটার একমাত্র স্থান এটি। জলাবদ্ধতার কারণে ক্রেতা ও দোকানিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাটের পুরনো ড্রেন দীর্ঘদিন পরিষ্কার না করায় ভরাট হয়ে গেছে এবং অপরিকল্পিতভাবে বাসাবাড়ি ও দোকানপাট গড়ে ওঠায় পানি প্রবাহের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এই জলাবদ্ধতা দূর করার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পরিশেষে, এখানকার জলাবদ্ধতা নিরসনে সংশ্লি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

সাকলাইন লেনিন, আদমদীঘি, বগুড়া