বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী ডিএসইএর তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির সম্মানিত শেয়ার হোল্ডারদের অবণ্টিত বা অদাবিকৃত নগদ লভ্যাংশ, অফেরত পাবলিক সাবস্ক্রিপশনের অর্থ এবং বোনাস শেয়ারের ভগ্নাংশ বিক্রয়লব্ধ অর্থ ৩০-৮-২০২১-এর পর ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে স্থানান্তরিত হবে। সে হিসেবে শেয়ার হোল্ডারদের অবণ্টিত বা অদাবিকৃত নগদ লভ্যাংশ বা বোনাস শেয়ারের ভগ্নাংশ বিক্রয়লব্ধ অর্থ ৩০-৮-২০২১-এর মধ্যে কোম্পানির শেয়ার বিভাগ থেকে সংগ্রহের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। এই অল্প সময়ে লাখ লাখ শেয়ার হোল্ডারের পক্ষে বিভিন্ন কোম্পানি থেকে তাঁদের প্রাপ্য অর্থ সংগ্রহ করা কষ্টসাধ্য ব্যাপার। তাই, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে স্থানান্তরের সময় এক মাস বৃদ্ধির জন্য বিএসইসি-র কাছে সবিনয়ে অনুরোধ করছি।
মুহাম্মাদ জাফর আলম
১০৩ সেন্ট্রাল রোড, ধানমন্ডি, ঢাকা