হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর দাবিতে মিছিল ও সমাবেশ

২১শে আগস্ট গ্রেনেড হামলা

ইত্তেফাক ডেস্ক

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আইভি রহমানসহ অন্য নেতৃবৃন্দের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে গাজীপুর ও মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।

গাজীপুর :জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লাহ খান। এর আগে হামলায় নিহতদের স্মরণ এবং এ ঘটনায় জড়িতদের বিচার দাবিতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শহরের দলীয় কার্যালয়ের সামনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া (গাজীপুর) :কাপাসিয়ায় কেন্দ্রীয় কৃষক লীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কৃষক লীগের দুই উপদেষ্টা কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা ও শিল্পপতি আলম আহমেদ যৌথভাবে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। উপজেলা সদরের কলেজ রোডে মোল্লা টাওয়ারে শনিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি মজিবুর রহমান আঙ্গুর। এতে কেন্দ্রীয় দুই উপদেষ্টা বক্তব্য রাখেন। এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিয়াউল হক নাসির, আইন উদ্দিন মাস্টার, ওয়াজ উদ্দিন মোল্লা, জানে আলম কনক, হাফিজুল হক আইয়ুব প্রমুখ।

ঘিওর (মানিকগঞ্জ) :গ্রেনেড হামলায় আইভি রহমানসহ অন্য নেতৃবৃন্দের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন এতে সভাপতিত্ব  করেন। সমাবেশ শেষে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে হামলাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে শনিবার ঘিওরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে উপজেলা আওয়ামী লীগ।