করোনায় জাবির সাবেক উপাচার্যের মৃত্যু

জাবি সংবাদদাতা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ও অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান (৭৪) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার বিকালে কাকরাইলে ইসলামী ব্যাংক জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের কন্যা ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক তাসমিনা রহমান বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক তাসমিনা রহমান বলেন, বেলা ৪টায় ইসলামী ব্যাংক জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান। তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে, গত ৪ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।