কর্মী সংকটের সমাধান করতে আসছে ‘টেসলা বট’

শ্রমবাজারে কর্মী সংকটের সমাধান হিসেবে মানবাকৃতির রোবট তৈরি করছে টেসলা। আগামী বছরেই এই ‘টেসলা বট’-এর প্রোটোটাইপ উন্মোচন করার ঘোষণাও দিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক।

বৃহস্পতিবার (১৯ অগাস্ট) টেসলা আয়োজিত ‘এআই ডে’ অনুষ্ঠানে ইলন মাস্ক নিজের প্রতিষ্ঠানের রোবটগুলোকে শ্রমবাজারে কর্মী সংকটের সমাধান হিসেবে উপস্থাপন করেছেন তিনি। রোবটগুলোর নির্মাণ যেন ব্যয়বহুল না হয়, সে বিষয়টি আলাদা গুরুত্ব পাচ্ছে বলেও জানান। 

এলন জানিয়েছেন, রোবটটি হবে পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার। এটি যেন ব্যয়বহুল না হয় সে বিষয়টিকেও প্রাধান্য দেয়া হচ্ছে। সাধারণত বিপজ্জনক অথবা বিরক্তিকর যে কাজগুলো মানবকর্মীরা করতে চান না, রোবটটি সেই কাজগুলোই করে দেবে। 

এদিকে একই অনুষ্ঠানে ‘ডোজো’ কম্পিউটারের জন্য নতুন চিপ উন্মোচন করেছে টেসলা। স্বনিয়ন্ত্রিত ড্রাইভিং সিস্টেম নির্মাণে সাহায্য করবে ডোজো। উচ্চ গতি সম্পন্ন কম্পিউটারটিও ২০২২ সাল নাগাদ চালু হবে বলে জানান মাস্ক।

বছরখানেকের মধ্যে ‘সাইবারট্রাক’-এর জন্য নতুন কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে আসবে বলে জানিয়েছেন তিনি। তবে কবে নাগাদ বহুল আলোচিত পিক-আপ ট্রাকটি বাজারে ছাড়া হবে, সেই বিষয়টি চেপে গেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। একইসঙ্গে স্বচালিত গাড়ির প্রযুক্তি নিয়ে সাম্প্রতিক সমালোচনার কোনো প্রতিক্রিয়া জানাননি মাস্ক।

ইত্তেফাক/আরকে