ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং তারাকান্দা উপজেলার বাট্টা ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের কিশোরী ফুটবলারদের মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে বাট্টা ভাটপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। করোনাকালীন দীর্ঘদিন ঘরে বসে সময় কাটানোর পর মাঠে নামতে পেরে কিশোরীদের মধ্যে ছিল বাড়তি উদ্দীপনা। বৃষ্টিভেজা কর্দমাক্ত মাঠে টান টান উত্তেজনাকর খেলা যেন তারই প্রতিচ্ছবি ফুটে উঠে। হাপিয়ে উঠা দর্শকরাও আনন্দ উপভোগ করার সুযোগ হাতছাড়া করেননি। বৃষ্টিতে ভিজেও কলসিন্দুর কন্যাদের খেলা দেখতে মাঠে প্রচুর দর্শকের উপস্থিতি ছিল। খেলায় কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ২-১ গোলে বাট্টা ভাটপাড়া উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে।
বিজয়ী কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হয়ে দলের গোল দুটি করেন আমেনা খাতুন ও কল্পনা আক্তার। খেলায় অংশগ্রহণ করেছিল জাতীয় নারী ফুটবল দলের দীর্ঘদিনের গোলকিপার মাহমুদা আক্তার। সে অনূর্ধ্ব-১৪, ১৫ এবং ১৬ নারী ফুটবল দলের হয়ে খেলেন। বর্তমানে ছুটিতে বাড়িতে রয়েছেন মাহমুদা আক্তার। বাকি খেলোয়াড়রা কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। এই বিদ্যালয় থেকে সানজিদা, মারিয়া, তহুরাসহ ১২ জন খেলোয়াড় জাতীয় নারী ফুটবল দলের বিভিন্ন দলে খেলছেন। জয় করেছেন অনেক ট্রফিও। কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় সারির খুদে ফুটবল দলটিও ইতোমধ্যে অনেক টুর্নামেন্ট জিতেছে। গ্রীষ্মকালীন ক্রীড়ায় হ্যাটট্টিক চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও জেলা ফুটবলে খেলে নিজেদের গৌরব ধরে রেখেছে।
শুক্রবারের প্রীতি ম্যাচটি তারাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকারিয়া আলম সুমনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক আলহাজ বাবুল মিয়া সরকার, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক, নির্বাহী অফিসার মিজাবে রহমত, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার, অফিসার ইনচার্জ আবুল খায়ের, কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মঞ্জুরুল হক, শিক্ষক উজ্জল চন্দ্র, বাঘবেড় ইউনিয়ন যুবলীগের সভাপতি মঞ্জুরুল হক রুবেল প্রমুখ।