কাউখালীতে ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে আহত ৪

সড়ক যোগাযোগ বিছিন্ন

কাউখালী (রাঙ্গামাটি) সংবাদদাতা

অতিরিক্ত পাথরবোঝাই ট্রাক ওঠায় ধসে পড়েছে কাউখালী বাজার সংলগ্ন পোয়াপাড়া বেইলি ব্রিজ। এই ঘটনায় আহত হয়েছেন চার জন। ব্রিজ ভেঙে পড়ায় বন্ধ রয়েছে কাউখালী নাইলাছড়ি সুগারমিল সড়ক যোগাযোগ। গত শুক্রবার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন—ট্রাকচালক জামাল হোসেন, মো. সোহেল, ইসহাক মিয়া ও বাসু দেব।

২০০২ সালেও একবার একইভাবে কাঠবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়ে হতাহতের ঘটনা ঘটেছিল। স্থানীয়রা ব্রিজটি ভালোভাবে মেরামতের দাবি জানালেও সড়ক ও জনপথ বিভাগ থেকে কোনো রকম জোড়াতালি দিয়ে এ বেইলি ব্রিজটি সংস্কার করে দেওয়া হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, কাউখালীতে নবনির্মিত কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণকাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স নাহিন এন্টারপ্রাইজ’ পতেঙ্গা থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে ব্রিজ পারাপারের সময় ব্রিজটি ধসে কাউখালী খালে পড়ে যায়। এ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ট্রাকের মধ্যে আটকে পড়াদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই বিষয়ে রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আরেফিন সিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সড়ক বিভাগের প্রকৌশলীরা সরেজমিনে পরিদর্শন করে পরবর্তী উদ্যোগ গ্রহণ করবেন। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা জানিয়েছেন, বেইলি ব্রিজ ধসে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।