চাঁদা না পেয়ে পূর্বাচল শীতলক্ষ্যা সিটির আঞ্চলিক অফিসে ভাঙচুর, লুটপাট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে আবাসন প্রকল্প পূর্বাচল শীতলক্ষ্যা সিটির নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভক্তবাড়িস্থ আঞ্চলিক অফিসে গতকাল ২১  শে আগস্ট শনিবার সন্ত্রাসীরা হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগত ৪০/৫০ সদস্যের একদল সন্ত্রাসী মোটরসাইকেলের বহর নিয়ে পূর্বাচল সিটির আঞ্চলিক অফিসে হামলা চালায়। হামলাকারীরা রামদা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল, ছেন, লোহার রড, এসএস পাইপসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা অফিসের কম্পিউটার, আলমারি ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এক পর্যায়ে অফিসের লোক জনের ডাক-চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা ফাঁকা গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়। হামলায় আহত অফিসের কর্মচারী মনির মিয়া (২২) ও সুমন মিয়াকে (১৯) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পূর্বাচল শীতলক্ষ্যা সিটির আঞ্চলিক অফিসের ম্যানেজার সুমন মিয়া বাদী হয়ে ১১ জনকে নামীয় ও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।