টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফ হতে অভিনব কায়দায় মাদকের চালান নেওয়ার পথে বিজিবি চেকপোস্টে দায়িত্বরত ডগ হ্যান্ডেলার তল্লাশি ইয়াবা ও ট্রাকসহ টাঙ্গাইলের চালক-হেলপারকে আটক করেছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ২০ আগস্ট (শুক্রবার) সকাল ৯টার দিকে টেকনাফ সড়কের দমদমিয়া বিজিবি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা শহরগামী একটি ট্রাক আসলে ব্রাভো নামে একটি কুকুর দিয়ে ডগ হ্যান্ডেলার তল্লাশি চালায়। এ সময় প্রশিক্ষিত কুকুর ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারে বার বার ঘ্রাণ নিয়ে সন্দেহজনক আচরণ করতে থাকে। তখন ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টার খুললে কালো টেপে মোড়ানো ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যমানের ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তখন গাড়িটি জব্দ করে চালক টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সরলা গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র মো. লেবু মিয়া (২৫) এবং হেলপার একই উপজেলার গোহালিয়া বাড়ি গ্রামের মো. ছানোয়ার হোসেনের পুত্র মো. ইসমাঈল হোসেন (৩৪)কে আটক করে। ধৃতরা মাদকের চালান চালকের গ্রামের মোহাব্বত হোছনের পুত্র ট্রাক মালিক মো. হাফিজুর রহমান (৩৫)-এর জন্য এই মাদকের চালান নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে।
এ ব্যাপারে তিনি জানান, এই ব্যাপারে মাদকের চালান মালিককে পলাতক আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা, নগদ টাকা, মোবাইল ফোন ও ট্রাকসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।