বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১ লাখ ৭১ হাজার ইয়াবাসহ এক স্কুল দপ্তরিকে ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করেছে। তার নাম উচহ্লা মারমা ওরফে পিন্টু (৩৫)। সে একই উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের দপ্তরি। আটককৃত ইয়াবার বাজারমূল্য ৫ কোটি টাকা। এদিকে ইয়াবাসহ গ্রেফতার উচহ্লা মারমাকে ইউনিয়ন যুবলীগের দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা যুবলীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আলী হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সড়কের মারিগ্যা পাড়া থেকে এক কিলোমিটার দূরে গভীর জঙ্গল থেকে ১৮টি বাক্সভর্তি ১ লাখ ৭১ হাজার ইয়াবাসহ উচহ্লা মারমাকে গ্রেফতার করা হয়। উচহ্লা মারমা মিয়ানমারের চোরাকারবারিদের একটি ইয়াবার চালান তার কাছে রাখার কথা স্বীকার করেছেন। শুক্রবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় উচহ্লা মারমাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার সঙ্গে জড়িত মূল কারবারিদের গেফতারের চেষ্টা করা হচ্ছে।