বর্বরোচিত গ্রেনেড হামলায় শহিদদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ, সন্ত্রাস-জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা ও হত্যার রাজনীতি চিরতরে নির্মূল করার প্রত্যয় এবং গ্রেনেড হামলার মূল পরিকল্পনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির মধ্য দিয়ে গতকাল শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে পালিত হয়েছে রক্তস্নাত ভয়াল-বিভীষিকাময় একুশে আগস্টের ১৭তম বার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে গতকাল বিভিন্ন স্থানে সমাবেশ, মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ। শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টে নিহতদের স্মরণে নির্মিত বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ওবায়দুল কাদেরের সঙ্গে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ সিনিয়র নেতৃবৃন্দ। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করে আওয়ামী লীগ। সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। এরপর গ্রেনেড হামলায় আহত ব্যক্তিবর্গ এবং নিহতদের পরিবার সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। গ্রেনেড হামলায় নিহতদের স্বজন এবং বেশ কয়েকজন আহত নেতাকর্মী ক্র্যাচে ভর করে, হুইলচেয়ারে করে এসে শ্রদ্ধা জানান শহিদদের প্রতি। ঐ দিনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। দিনটি উপলক্ষ্যে সেগুনবাগিচায় আলোচনাসভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শাহবাগ থানা শাখা।