বিশ্বের প্রথম কোভিড-১৯ ডিএনএ টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিল ভারত

ভারতে ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জাইডাস ক্যাডিলার তিন ডোজের কোভিড-১৯ ডিএনএ টিকা ‘জাইকোভ-ডি’ জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ১২ বছর থেকে প্রাপ্তবয়স্কদের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) এই টিকার অনুমোদন দেয়। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক খবরে জানানো হয়েছে, কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জাইকোভ-ডি নামের টিকা বড়দের পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদেরও দেওয়ার অনুমোদন দেয়। জাইকোভ-ডি টিকাটি ‘জাইডাস’ নামে পরিচিত। বিভিন্ন পর্যায়ের মেডিক্যাল ট্রায়ালে দেখা গেছে, জাইডাস বা জাইকোভ-ডি তিন ডোজের করোনা টিকা করোনা প্রতিরোধে ৬৬ দশমিক ৬ শতাংশ কার্যকর। করোনা প্রতিরোধে বিশ্বের প্রথম               প্লাসমিড ডিএনএ ভ্যাকসিন হলো জাইকোভ-ডি। টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, বছরে ১০ থেকে ১২ কোটি ডোজ জাইকোভ-ডি তৈরির পরিকল্পনার পাশাপাশি ভ্যাকসিন মজুত করা শুরু হয়েছে। এ নিয়ে দেশটিতে ছয়টি কোভিড প্রতিষেধক টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেল।