আরো ৭ লাখ ৮১ হাজার টিকা এলো জাপান থেকে

করোনা মহামারি মোকাবিলায় কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরো ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা দেশে পৌঁছেছে। গতকাল শনিবার বিকেলে উপহারের এই টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. জসিমউদদীন খান এবং ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। সে অনুযায়ী গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় পাঠায় জাপান। পরে ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে। আর ২ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান ঢাকায় এসে পৌঁছায়।