বললেই থানায় গিয়ে হাজির হবো :সাদিক

বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গতকাল শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নগরবাসীর দুর্ভোগ লাঘবে পরিচ্ছন্নতা কর্মীদের কাজে যোগদানের আহবান জানিয়েছেন। একই সঙ্গে পরিচ্ছন্নতা কর্মীদের বাসায় বাসায় গিয়ে খোঁজাখুঁজি না করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

নগরীর কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে এ সংবাদ সম্মেলনে গ্রেফতারের আশঙ্কা প্রশ্নে দুই মামলার প্রধান আসামি মেয়র বলেন, ‘গ্রেফতারের জন্য প্রস্তুত রয়েছি, বললেই থানায় গিয়ে হাজির হবো। আমার বাসা ঘেরাও করার দরকার নেই। আমার চেহারা বাংলাদেশের সবাই চেনে, আমি পালিয়ে যাওয়ার লোক নই।’

মেয়র বিভিন্ন কর্মসূচি পালনকারীদের উদ্দেশ্যে বলেন, শোকের মাসে সকলকে ধৈর্য্য ধরতে হবে। দলের বাইরে গিয়ে কাজ করলে তাতে দলেরই ক্ষতি হবে। তিনি বুধবার রাতে ইউএনওর বাসভবনে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত এবং সম্পূর্ণ ভিডিও প্রকাশ করে অপরাধ দেখে বিচারের দাবি জানান। এ ঘটনায় যুবলীগ ও আওয়ামী লীগের দু’ নেতার চোখ নষ্ট হয়ে গেছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র সাদিক বলেন, আমি বার বার বলেছি ষড়যন্ত্রের কথা। দায়িত্ব গ্রহণের পর তিন বছরের ষড়যন্ত্র চলাকালে একনেকে ১৩০ কোটি টাকা পাস হলেও টাকা পাওয়া যায়নি। বরাদ্দ না পেয়েও সিটি করপোরেশন এলাকায় ৫ বছরের গ্যারান্টি দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। কোনো ভাবেই পেরে উঠতে না পেরে ষড়যন্ত্রকারীরা প্রকাশ্যে এসেছে।

সংবাদ সম্মেলনে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।