শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী সাবরি ইয়াকুব

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব। গতকাল শনিবার তিনি শপথ গ্রহণ করেন। করোনা সংক্রমণ ও মহামারি মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনার বিরুদ্ধে জনরোষের মধ্যেই তিনি দায়িত্ব নিলেন। আলজাজিরার খবরে বলা হয়েছে, ইসমাইল সাবরি দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে তিন বছর আগে দুর্নীতির অভিযোগের মুখে নির্বাচনে হেরে যাওয়া ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) আবারও ক্ষমতায় ফিরল। এই দলটির জোট গত সপ্তাহে মুহিউদ্দিন ইয়াসিনের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। এরপরই পদত্যাগে বাধ্য হন মুহিউদ্দিন।

৬১ বছর বয়সের ইসমাইল সাবরি সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিনের ডেপুটি বা উপপ্রধানমন্ত্রী ছিলেন। গত শুক্রবার দেশটির রাজা আল-সুলতান আব্দুল্লাহ তানে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। শনিবার তিনি জাতীয় প্রাসাদে শপথ নেন। এ সময় মালয়েশির রাজা ও জোটের নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত রাজনীতিকদের মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকও।

রাজা আল-সুলতান আব্দুল্লাহ এর আগে বলেছিলেন, নতুন প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। বৃহস্পতিবার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন অর্জন করেন সাবরি। ২২২ আসনের পার্লামেন্টের ১১৪ জন সদস্যের সমর্থন পেয়েছেন তিনি।