প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে যুক্তরাষ্ট্র থেকে আরো ৩১২টি ভেন্টিলেটর এসেছে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভেন্টিলেটরগুলো শনিবার ভোরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে এসব ভেন্টিলেটর গ্রহণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। এছাড়া কেন্দ্রীয় ঔষধাগারের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. মাসুদুল হাসান, নেফ্রলজিস্ট প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক, প্রফেসর ডা. ফাতিমা আহমেদ, কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. চৌধুরী হাফিজ আহসান, জাতিসংঘের সাবেক কর্মকর্তা মাহমুদ উস শামস চৌধুরী এবং কানাডা প্রবাসী ডা. আরিফুর রহমানের উদ্যোগে এই ভেন্টিলেটরগুলো দেশে এসেছে।
যুক্তরাষ্ট্রের তৈরি সম্পূর্ণ নতুন ভেন্টিলেটরগুলোর প্রতিটির দাম প্রায় ১৫ হাজার ডলার। এগুলো অত্যন্ত মানসম্পন্ন ও আকারে ছোট, যা খুব সহজে বহন করা যায়। এসব ভেন্টিলেটর করোনা আক্রান্তদের চিকিত্সায় সহায়তা করবে।
বাংলাদেশি চিকিত্সকরা এর আগেও বিনা মূল্যে ভেন্টিলেটর পাঠানোর ব্যবস্থা করেছেন। এর আগে মোট ৩৭৭টি ভেন্টিলেটর বাংলাদেশে পাঠিয়েছেন। এর মধ্যে ১২৭টি বারডেম হাসপাতালকে দেওয়া হয়েছে।