শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করার সময় বেসরকারি টেলিভিশন নিউজ২৪-এ কর্মরত সাংবাদিক মো. আল আমিনের ওপর হামলার মামলায় আসামি জাহিদকে গ্রেফতর করেছে থানা পুলিশ। গ্রেফতার জাহিদ (৩০) শ্রীপুর চৌরাস্তা এলাকার আইয়ুব আলীর ছেলে। পলাতক অন্য আসামিরা হলেন—জাহিদের সহোদর ভাই ফয়সাল (২৫) ও শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিস এলাকার আইয়ুব আলীর ছেলে সম্রাট (২৭)। হামলার শিকার আল আমিন পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, আহত আল আমিন মামলা করার পর থেকেই আসামিদের ধরতে পুলিশি অভিযান চলমান ছিল। ইতিমধ্যে ২ নম্বর আসামিকে ধরে আদালতে পাঠানো হয়েছে। দ্রুতই অন্য আসামিদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ, গত ২৫ জুলাই শ্রীপুর চৌরাস্তায় মাওনা রোডে মারামারি হচ্ছে এমন খবর পেয়ে আল আমিন সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান এবং দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করতে থাকেন। এ সময় অভিযুক্তরা তাকে বেধড়ক মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তারা ধারালো দা দিয়ে আল আমিনের মাথায় কোপ দিলে তিনি পড়ে যান। পরে লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।