গাজীপুরে পিকআপসহ ৫ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বাসা বদল করার কথা বলে চালককে হাত-পা বেঁধে পিকআপ ডাকাতি করে নিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ ডাকাতকে শুক্রবার রাতে গ্রেফতার এবং ডাকাতি করা পিকআপটি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে—হাফিজুর রহমান ওরফে রানা, মো. ফিরোজ ওরফে কেরানী, এরশাদ ওরফে সাবু, আকাশ ওরফে রানা ও নয়ন মল্লিক। শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপি উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) মো. জাকির হাসান।

তিনি বলেন, বাইপাইল থেকে বাসাবাড়ির মালামাল বগুড়ায় স্থানান্তর করার কথা বলে গত বুধবার রাতে ফিরোজ ওরফে কেরানী এবং নয়ন মল্লিক একটি পিকআপ ভাড়া করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী রাতে পাঁচ ডাকাত কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ী এলাকার সাবান ফ্যাক্টরির পেছনে অবস্থান করে। এক পর্যায়ে পিকআপ চালক রাকিব হোসেন পিকআপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে নয়ন মল্লিক পিকআপের হেলপারকে বাড়ির মালামাল দেখানোর কথা বলে গাড়ি থেকে নামিয়ে আনে। একটু দূরে নিয়ে হেলপারের হাত-পা-মুখ বেঁধে ফেলে এবং চালকের কাছে এসে তাকে মারপিট করে গুরুতর জখম করে পিকআপ নিয়ে সফিপুরের দিকে চলে যায়। সফিপুরের কাছাকাছি গিয়ে গাড়ি বন্ধ হয়ে গেলে তারা গাড়ি ফেলে রেখে চলে যায়।

এ ঘটনায় পিকআপের মালিক বৃহস্পতিবার কাশিমপুর থানায় মামলা করলে ঢাকার গাবতলী, আদাবর, গাজীপুর মহানগরীর কাশিমপুর ও ভোগড়া এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার ঐ পাঁচ ডাকাতকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে ডাকাতি করা পিকআপটি উদ্ধার করা হয়েছে।