লন্ডনে তালেবানের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ

তালেবান যোদ্ধাদের আফগানিস্তানের ক্ষমতা দখলের বিরুদ্ধে যুক্তরাজ্যের লন্ডনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির দখল তালেবানের হাতে চলে যাবার নিন্দা জানিয়ে গতকাল শনিবার মধ্য লন্ডনের হাইড পার্কের কাছে আফগানিস্তানের সমর্থনে হাজার হাজার মানুষের ঢল নামে রাস্তায়।

বিক্ষোভকারীরা বলছেন, আফগানিস্তানে বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে এই বিশাল বিক্ষোভ। ব্রিটেনকে তলেবানের বিরুদ্ধে কঠোর হবার দাবি জানায় তারা। বিক্ষোভকারীদের দাবি, তালেবান একটি বৈশ্বিক হুমকি। তাদের বিশ্বাস করলে ভবিষ্যতে তার মাসুল দিতে হবে গোটা বিশ্বকেই। বাদ যাবে না যুক্তরাজ্যও।

বিক্ষোভকারীরা অংশ নেয়া লোকজন আফগানিস্তানের জাতীয় সঙ্গীত বাজায় এবং নিজেরা তার সাথে সুর মেলায়। এসময় তারা দেশটির বিশাল আয়তনের একটি জাতীয় পতাকা উত্তোলন করে। তালেবানকে থামাতে এবং আন্তর্জাতিক সমপ্রদায়ের কাছে দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি করে তারা। তারা নানা রকমের পোস্টার, ব্যানার ফেস্টুন বহন করে।

উল্লেখ্য, রবিবার সকালে তালেবান যোদ্ধারা একপ্রকার বিনা বাধায় কাবুলে প্রবেশ করে এবং দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাবার পর তালেবান গোটা প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এদিকে, লন্ডন ছাড়াও খোদ আফগানিস্তানেও বেশ কয়েকটি প্রদেশে আফগানিস্তানের জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। প্রথম দুয়েকদিন তালেবানকে ভয় পেলেও ধীরে ধীরে সেই ভয় কাটিয়ে তালেবান বিরোধীতায় সামিল হচ্ছে অনেকে।

অপরদিকে, রোমের কেন্দ্রস্থলে রিপাবলিকান স্কয়ারে তালেবান বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে গতকাল। আফগান নাগরিকদের সঙ্গে সংহতি প্রকাশের এই বিক্ষোভে বেশ কয়েকজন ইতালিয়ান নাগরিক এবং গণমাধ্যম কর্মীরাও যোগ দেন।

আফগান রাজধানীর ওপর তালেবানের নিয়ন্ত্রণ দাবি করার পরপরই বেশ কয়েকটি দেশ তাদের কূটনৈতিক  ও কর্মীদের দেশ থেকে সরিয়ে নিয়েছে। -এএনআই