রাঙ্গামাটিতে একে-৪৭ রাইফেলের গুলিসহ ৩ জন আটক

রাঙ্গামাটি শহরে যৌথবাহিনীর পৃথক অভিযানে আঞ্চলিক দল জেএসএস, ইউপিডিএফের মূল দল গুলোর সশস্ত্র শাখার সক্রিয় দুই সদস্য ও নানিয়ারচরে একজন চাঁদা কালেক্টরকে আটক করেছে যৌথ বাহিনী। 

রাঙ্গামাটি কোতোয়ালী থানার এসআই মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি শহরের বনরূপা ডায়াগনস্টিক সেন্টারের নীচে থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা উভয়েই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের সশস্ত্র শাখার সক্রিয় কর্মী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা এ তথ্য স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে রাঙ্গামাটি কোতোয়ালী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলেন, বরকল উপজেলার মহালছড়ি ক্যায়াংঘাট এলাকার দয়ামোহন চাকমার পুত্র সুপ্রকাশ চাকমা (৫২) ও রকিবরছড়া এলাকার মৃত লবিন্দ্র চাকমার পুত্র সুচিত রঞ্জন চাকমা (৪০)। 

এ সময় তাদের কাছ থেকে একে-৪৭ রাইফেলের ৭ রাউন্ড তাজা গুলিসহ নগদ ৬ হাজার ২৫৬ টাকা উদ্ধার করা হয়েছে। 

আরো পড়ুন: অঙ্কুশের হবু স্ত্রী ঐন্দ্রিলাকে কাঁদালেন বিক্রম

অপরদিকে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর এক চাঁদাবাজকে চাঁদা আদায়ের সময় নগদ টাকাসহ হাতেনাতে আটক করেছে যৌথ বাহিনী। আটকের পর তাকে রাঙ্গামাটির নানিয়ারচর থানায় সোপর্দ করা হয়েছে। 

আটক ব্যক্তি নানিয়ারচার উপজেলার  রাম হরিপাড়া গ্রামের রাজবিহারী খীসার পুত্র অনিমেষ খীসা (৩৯)। 

থানা পুলিশ জানিয়েছে, আটক অনিমেষ দীর্ঘদিন থেকে সংগঠনের নামে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী ও এলাবাসীর কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলো। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির নগদ ১২ হাজার ৩৪৫ টাকা উদ্ধার করা হয়।

ইত্তেফাক/অনি