দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া প্রান্তে পদ্মার পানি বৃদ্ধি ও স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা পর্যন্ত ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে পারের অপেক্ষায় রয়েছে শত শত গাড়ি।

জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়ার পদ্মার পানি বৃদ্ধির কারণে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এতে করে স্রোতের বিপরীতে ফেরিগুলো স্বাভাবিক সময়ের চেয়ে ফেরি পারাপার হতে দ্বিগুণ সময় লাগছে। অন্য দিকে শিমুলিয়া কাঁঠালবাড়ী ফেরিঘাটে পারাপার ব্যাহত হওয়ায় এই ঘাটে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের বহরে মেট ১৮ টি ফেরি রয়েছে। এর মধ্যে ১০টি রো রো (বড়) ফেরি ও ৮ টি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। রবিবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ কয়েক শত বিভিন্ন গাড়ি। এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় থেকে চালকসহ সাধারণ বাসের যাত্রীরা এসময় দুর্ভোগ পোহান। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম বলেন, নৌপথের বহরে মোট ১৮ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। নদীতে পানি বৃদ্ধির পাশাপাশি প্রবল স্রোতের সৃষ্টি হওয়ায় ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। ফেরিগুলো নদী পারি দিতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। যে কারণে দৌলতদিয়া প্রান্তে যানজটের সৃষ্টি হয়েছে। তবে মানুষের দুর্ভোগ কমাতে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার অগ্রাধিকার ভাবে ফেরি পারাপার করা হচ্ছে।’  


ইত্তেফাক/এমএএম