সংলাপ প্রত্যাখ্যান করলে যুদ্ধ ‘অনিবার্য’: তালেবানবিরোধী নেতা

১৯৮০- এর দশকে সোভিয়েত ইউনিয়ন বিরোধী যুদ্ধে আফগানিস্তানের অন্যতম নেতা ছিলেন আহমদ শাহ মাসুদ। তার সন্তান হলেন আহমদ মাসুদ, যিনি তালেবান বিরোধী অন্যতম শীর্ষ নেতা বলে পরিচিত। রবিবার (২২ আগস্ট) তিনি বলেছেন, তার নিয়ন্ত্রিত এলাকাগুলো কোনোভাবেই তালেবানের কাছে হস্তান্তর করবেন না।

দুবাই ভিত্তিক আল- আরাবিয়া টিভি চ্যানেলের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। সেখানে বলা হয়, আহমদ মাসুদ তালেবানের অংশগ্রহণে দেশ শাসনের জন্য একটি বহুদলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বিদ্রোহীরা সংলাপ প্রত্যাখ্যান করলে যুদ্ধ ‘অনিবার্য’ হবে।

এর আগে গত শুক্রবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের ৩টি জেলা তালেবানের কাছ থেকে দখলমুক্ত করেছে বিরোধীরা। দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং উত্তরাঞ্চলীয় জোট প্রধান আহমাদ মাসুদের নেতৃত্বাধীন বিরোধী জোট পুল-ই-হেসার, দেহ সালাহ ও কাসান (বানু জেলা) নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

শুক্রবার জেলা তিনটিতে তালেবানের সঙ্গে বিরোধী যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ৪০ জন তালেবান যোদ্ধা নিহত ও আহত হয়েছেন আরও ১৫ জন।

আফগানিস্তানে মোট ৩৪টি প্রদেশ রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৮টি প্রদেশ তালেবানের দখলে রয়েছে।

ইত্তেফাক/টিএ