বিনোদন ডেস্ক
বেশ কয়েকটি দক্ষিণী ও বলিউড সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। বর্তমানে মুম্বাইয়ে বলিউড সিনেমার শুটিং করছেন তিনি। এরইমাঝে নতুন একটি খবরে শিরোনামে এলেন এই অভিনেত্রী। শিগগিরই পরিচালকের টুপি পরতে যাচ্ছেন তামান্না। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। স্টার তকমা পাওয়ার পর অনেককে প্রযোজনায় দেখা গেলেও নির্মাণে খুব কম বলিউড তারকাকে দেখা গেছে। এ প্রসঙ্গে তামান্না বলেন, ‘আমি মাত্র ১৫ বছর বয়সে অভিনয় যাত্রা শুরু করি। তবে কখনোই স্টার হওয়ার কথা চিন্তা করে অভিনয় করিনি। আমি সবসময় ক্যামেরার সামনে থাকতে চেয়েছি। দর্শকরা আমাকে গ্রহণ করেছেন এবং নিজেকে স্টারের তালিকায় দেখা আমার জন্য সৌভাগ্যের। যদিও এটা আমার ক্যারিয়ারের লক্ষ্য ছিল না। আমি যা চেয়েছি তার চেয়ে বেশিকিছু পেয়েছি। প্রতিদিন সেটে থাকা আমার জন্য অন্যরকম অনুভূতির। তাই সারাজীবন শুটিংসেটে থাকতে চাই। আর পরিচালনা নিয়ে বলবো, আমি সবসময় যা করতে ভালো লাগে তা করতে চাই। ক্যারিয়ারে এতদিনের অভিজ্ঞতায় মনে হয়েছে ক্যামেরার পেছনে কাজ করার মতো যথেষ্ট যোগ্যতা আমার রয়েছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি নির্মাণেও সফলতার ছাপ রাখতে পারব।’