ইত্তেফাক রিপোর্ট
আগের দুই কার্যদিবস পতন হলেও গতকাল রবিবার ব্যাংক, প্রকৌশল আর বস্ত্র খাতের ওপর ভর করে বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। বড় উত্থানের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচকটি ৬ হাজার ৮০০ পয়েন্টের মাইফলক স্পর্শ করল। গতকাল ডিএসইতে সূচকের সঙ্গে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।
গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৪২ দশমিক ২৩ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি শুরু পর থেকে গতকাল প্রথম ৬ হাজার ৮০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছে। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৮ দশমিক ৩৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৭৯ দশমিক ৭২ পয়েন্টে এবং ২ হাজার ৪৫১ দশমিক ৮৯ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৮৭ কোটি ৮৮ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ২১৮ কোটি ৮৮ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪৭টির বা ৬৫ দশমিক ৬৯ শতাংশের, শেয়ার দর কমেছে ৯৬টির বা ২৫ দশমিক ৫৩ শতাংশের এবং ৩৩টির বা ৮ দশমিক ৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
গতকাল রবিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৬টির বা ২৫ দশমিক ৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল মালেক স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
বৃহস্পতিবার মালেক স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬ দশমিক ৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৫ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৬০ টাকা বা ৪ দশমিক ৩৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে মালেক স্পিনিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পাইওনিয়ার ইনসিওরেন্সের ৩ দশমিক ০১ শতাংশ, রিলায়েন্স ইনসিওরেন্সের ২ দশমিক ৯৭ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২ দশমিক ৮০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ২ দশমিক ৭৬ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ২ দশমিক ৬৩ শতাংশ, শ্যামপুর সুগারের ২ দশমিক ৫০ শতাংশ, প্যারামাউন্ট ইনসিওরেন্সের ২ দশমিক ২০ শতাংশ, মার্কেন্টাইল ইনসিওরেন্সের ২ দশমিক ১৬ শতাংশ এবং গ্রীণডেল্টা ইনসিওরেন্সের শেয়ার দর ২ দশমিক ০৯ শতাংশ কমেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৮ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯২১ দশমিক ৪৭ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩২৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৮টির দর বেড়েছে, কমেছে ৮৩টির আর ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।