ইত্তেফাক রিপোর্ট
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি বলেছেন, অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচা পাট সরবরাহ নিশ্চিতকরণ এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করার লক্ষ্যে কাঁচা পাটের বাজার সর্বদা পর্যবেক্ষণে রাখা হবে। পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ের ধারা অব্যাহত রাখার জন্য কাঁচা পাটের সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য লাইসেন্সবিহীন অসাধু ব্যবসায়ীগণকে কাঁচা পাট ক্রয়বিক্রয় ও মজুত করা থেকে বিরত রাখা, ভিজাপাট ক্রয়বিক্রয় রোধ করা, বাজারে কাঁচা পাটের সরবরাহ নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাট অধিদপ্তরকে নির্দেশ প্রদান করা হয়েছে। গতকাল সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কাঁচা পাটের বাজার ব্যবস্থাপনা, তদারকি ও কাঁচা পাটের রপ্তানির বিষয়ে সভায় মন্ত্রী এ কথা বলেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশেন (বিজেএ) সভাপতি শেখ সৈয়দ আলী, বাংলাদেশ জুট মিলস্ অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান পাটোয়ারীসহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।