প্রত্যন্ত চরে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুতের সুবিধা নিশ্চিত করল উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপ। কুড়িগ্রামরে চিলমারী উপজেলার নায়েরহাট ইউনিয়নের অধীন গয়নার পটলচরে চালু হলো এই সৌরবিদ্যুত্-সেবা। ব্রহ্মপুত্র নদের মাঝে প্রত্যন্ত চরে ৫৪ কিলোওয়াট মাইক্রোগ্রিড বিদ্যুত্-সেবার উদ্বোধন করেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সীমান্তবর্তী কুড়িগ্রামের প্রত্যন্ত চর গয়নার পটলে সৌর প্যানেল চালুর ফলে বিদ্যুতের সুবিধা পাচ্ছেন ৩ হাজারের বেশি মানুষ। সৌরবিদ্যুতের মাধ্যমে দেশের প্রান্তিক এলাকা আলোকিত করার কাজে ফ্রেন্ডশিপকে সহযোগিতার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা), ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও স্থানীয় প্রশাসনকে কৃতজ্ঞতা জানান সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান। অনুষ্ঠানে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ইডকলের উপনির্বাহী পরিচালক এস এম মনিরুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মাদ রেজাউল করিম, ফ্রেন্ডশিপের টেকসই অর্থনৈতিক উন্নয়ন বিভাগ পরিচালক মো. কামাল উদ্দিন, কুড়িগ্রামের চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। —প্রেস বিজ্ঞপ্তি