চৌমুহনীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

চৌমুহনীতে বেশ কয়েকটি কারখানায় নিষিদ্ধ পলিথিন তৈরির খবর পাওয়া গেছে। এসব পলিথিন চৌমুহনী শহরের কয়েক স্থানে পাইকারি বিক্রি হচ্ছে। চৌমুহনী শহর ছাড়াও জেলার বিভিন্ন স্থানে এখান থেকে পলিথিন  সরবরাহ হয়ে থকে। পরিবেশ দূষণ রোধে সরকার পলিথিন বিক্রি ও তৈরি নিষিদ্ধ ঘোষনা করলেও এর তোয়াক্কা না করে কতিপয় অসাধু ব্যক্তি অবাধে পলিথিন তৈরি করে বাজারজাত করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, চৌমুহনী শহরের কলেজ রোড, হকার্স মার্কেট, করিমপুর রোড, ডেলটা গেট সংলগ্ন স্থান, দক্ষিণ বাজারে অবাধে নিষিদ্ধ পলিথিন তৈরি করা হচ্ছে। উত্পাদিত পলিথিন বিক্রি করার জন্য নির্দ্দিষ্ট পাইকারি মার্কেট রয়েছে। সে স্থানের নাম সাঁটিহাটা ও কালীতলা রোড। চৌমুহনী শহরের ব্যবসায়ীরা ছাড়াও জেলার বিভিন্ন হাটবাজারের পাইকাররা এসে পলিথিন কিনে নিয়ে যান। এ ব্যাপারে একজন পলিথিন বিক্রেতা ও একজন উত্পাদনকারীর সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, আমরা সব কিছু ম্যানেজ করে ব্যবসা করি। আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার জানান, থানায় কোনো ক্যাশিয়ারের পদ নেই। কে ক্যাশিয়ারের নাম ভাঙিয়ে অবৈধ ব্যসায়ীদের কাছ থেকে মাসোহারা আদায় করেন, তা খুঁজে দেখছি। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার জানান, আমি এ ব্যাপারে সঠিক খোঁজ খবর নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। কাউকে ছাড় দেওয়া হবে না।