অস্ট্রেলিয়ার সঙ্গে জয়গুলো দরকার ছিল

সাবের হোসেন

 স্পোর্টস রিপোর্টার

দল হিসেবে অতটা শক্তিশালী ছিল না, তবু অস্ট্রেলিয়াকে হারানো যেকোনো দলের জন্যই বিশেষ কিছু। বাংলাদেশের কাছেও তা ব্যতিক্রম নয়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জয়ের পর বাংলাদেশের ক্রিকেটপ্রাঙ্গণে বইছে খুশির হাওয়া। বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়াতে এমন জয় দরকার ছিল বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি (বিসিবি) সাবের হোসেন চৌধুরী। গতকাল রাজধানীর ঢাকা ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই বলেন তিনি।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ১৩২ রান। তাতেই বোঝা যায় উইকেট কতটা স্লো ও টার্নিং ছিল মিরপুরের  শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে বিশ্বকাপে যে এমন উইকেট পাবে না টাইগাররা, সে ব্যাপারে তাদের সতর্ক করে রাখলেন সাবের হোসেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে জয়গুলো দরকার ছিল, মানে আত্মবিশ্বাসের দিক থেকে। তবে আমরা যদি মনে করি, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের উইকেট ঢাকার উইকেটের মতো হবে, তাহলে ভুল একটা ধারণা হবে। আমার ধারণা ঐ উইকেটগুলো ১৮০ থেকে ২১০ রানের মতো।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে অন্যতম ভূমিকা পালন করেছে হোম অ্যাডভান্টেজ। তা নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা চলছে। এ প্রসঙ্গে বিসিবির সাবেক সভাপতি বলেন, ‘লো স্কোরিং ম্যাচে আমাদের অ্যাডভান্টেজ ছিল এবং অবশ্য আমাদের সেই অ্যাডভান্টেজ নেওয়া দরকার ছিল। কিন্তু বিশ্বকাপের জন্য আপনার একটু ভিন্ন লেভেলের খেলাটা লাগবে। তবে আত্মবিশ্বাস হচ্ছে অনেক বড় একটা বিষয়।’  সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে, বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাস নিয়ে মনোয়ার আনিস খান মিনু রচয়িত ও শামীম চৌধুরি সম্পাদিত গ্রন্থ ‘মেয়েরাও পারে’র মোড়ক উন্মোচন করেন সাবের হোসেন। এসময় নারীদের ক্রিকেটকে এগিয়ে নিতে দৃষ্টিভঙ্গি বদলানোর কথা বলেন তিনি।  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সিইও সৈয়দ আশরাফুল হক, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সভানেত্রী রাফিয়া আক্তার ডলি, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাকিল কাশেম ও ইশতিয়াক আহমেদ।