প্রতি বছর ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ দেবে ঢাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’র প্রবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি এ স্বর্ণপদক প্রদান করবে। প্রতি বছর ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হবে। ২০২২ সাল থেকে শুরু হবে এই পদক প্রদান। রবিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টির বোর্ড অব গভর্নসের প্রথম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টির পরিচালক ও বোর্ড অব গভর্নসের সদস্য-সচিব অধ্যাপক ড. ফকরুল আলম, বোর্ড অব গভর্নসের সদস্য অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আবদুল বাছির, অধ্যাপক ড. সাদেকা হালিম এবং এ আর এম মঞ্জুরুল আহসান বুলবুল।