চট্টগ্রামে টাইগারপাসের সৌন্দর্য রক্ষায় ফ্লাইওভার প্রকল্প সংশোধনের দাবি

চট্টগ্রামে বাস্তবায়নাধীন বিমানবন্দর-লালখান বাজার ফ্লাইওভার প্রকল্প সংশোধনের দাবি জানিয়েছে চট্টগ্রাম ঐতিহ্য রক্ষা পরিষদ। গতকাল রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান পরিষদের চেয়ারম্যান সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। ফ্লাইওভারের টাইগারপাস মোড় থেকে লালখানবাজার পর্যন্ত অংশটুকু প্রকল্প থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে চট্টগ্রামের উন্নয়নে আরেকটি মাইলফলক হিসেবে সংযোজিত হবে। অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই টাইগারপাস। পরিবেশ, প্রকৃতি এবং ইতিহাস-ঐতিহ্য রক্ষার একান্ত তাগিদ থেকে টাইগারপাসের প্রকৃতি প্রদত্ত অপরূপ নান্দনিক সৌন্দর্য যেন ইট-পাথরের কংক্রিটের নিচে ঢাকা না পড়ে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তটি টাইগারপাসের পরিবর্তে দেওয়ানহাট ব্রিজের দক্ষিণ প্রান্তে নামানোর প্রস্তাব দিয়ে তিনি বলেন, এতে ঐতিহ্যবাহী টাইগারপাস যেমন রক্ষা পাবে তেমনি ১ হাজার কোটি টাকার মতো প্রকল্প ব্যয়ও সাশ্রয় হবে। বিকল্প হিসেবে তিনি দেওয়ানহাট মোড় থেকে নৌ-বাহিনী সিনেমা হলের পাশ দিয়ে পুরোনো রাস্তাটি আবার চালু করার প্রস্তাব করে বলেন, সেখানে রেললাইনের ওপর ওভারপাস তৈরি করলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে যানবাহন এই ওভারপাস হয়ে টাইগারপাস অতিক্রম করবে। বিদ্যমান রেলওয়ে ব্রিজটির যেহেতু মেয়াদ শেষ, তা ভেঙে সেখানেও নতুন আরেকটি ওভারপাস তৈরি করা হলে সেটি দিয়ে আগ্রাবাদমুখী যানবাহন চলাচল করতে পারবে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী ফ্লাইওভারটি টাইগারপাসের ওপর দিয়ে নিয়ে যাওয়া হলে তা খুবই বিপজ্জনক হবে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম ঐতিহ্য রক্ষা পরিষদের সদস্য সচিব জসীম চৌধুরী সবুজ, কো-চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, প্রকৌশলী সুভাষ বড়ুয়া প্রমুখ।