পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি জানতে চেয়েছিল ভারতের নির্বাচন কমিশন। এবার সেই তথ্য তুলে ধরে কমিশনে চিঠি পাঠাচ্ছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহেই তৃণমূলের পক্ষ থেকে কমিশনকে চিঠি দেওয়া হবে। তৃণমূলের দাবি, এখন রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই সন্তোষজনক। যে আসনগুলোতে নির্বাচন হওয়ার কথা, সেখানে কোভিডে আক্রান্তের সংখ্যা প্রায় শূন্য। তাই এখন নির্বাচন করা যেতে পারে।
চলতি মাসের শুরুতে পাঁচ রাজ্যের রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। রাজ্যের করোনা পরিস্থিতি ৩০ আগস্টের মধ্যে জানতে চাওয়া হয়। অনেকে মনে করছেন, বাকি থাকা আসনগুলোতে নির্বাচন করার জন্যই কমিশন এই পদক্ষেপ নিয়েছে। তৃণমূল কংগ্রেসও দ্রুত বাকি থাকা বিধানসভা আসনের ভোট আয়োজনের জন্য কমিশনের কাছে আর্জি জানিয়েছিল। এখন চিঠি পাঠাচ্ছে। এতে কাজ না হলে ফের নির্বাচনের দাবিতে কমিশনের কাছে যাওয়ার ভাবনা-চিন্তাও শুরু করেছে তৃণমূল।
পশ্চিমবঙ্গের ভবানীপুর, খড়দহ, গোসাবা, দিনহাটা, শান্তিপুর, সমশেরগঞ্জ ও জঙ্গিপুর—এই সাত আসনে নির্বাচন হওয়ার কথা। তৃণমূলের দাবি, জঙ্গিপুর, সমশেরগঞ্জ ও শান্তিপুরে কোভিড সংক্রমণ শূন্য। ভবানীপুরসহ বাকি আসনে সংক্রমণের সংখ্যা খুবই কম।