আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা হবে: ওআইসি

মুসলিম বিশ্বের ৫৭ দেশের শীর্ষ সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকার করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, দেশটি যাতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আস্তানা হিসেবে ব্যবহার না হয় ভবিষ্যৎ নেতাদের অবশ্যই তা নিশ্চিত করতে হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সংগঠনটি ‌‘ভবিষ্যৎ আফগান নেতৃত্ব’ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে।

জানা যায়, সৌদি আরবভিত্তিক এই সংগঠনটি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এক বিশেষ সভা শেষে বিবৃতিতে বলেছে, সন্ত্রাসী সংগঠনগুলোকে আফগানিস্তানে পা রাখার কোনো অনুমতি দেওয়া যাবে না।

ওআইসির আহ্বান এবং সিদ্ধান্তের বেশিরভাগ প্রতীকী হলেও গত সপ্তাহে কাবুল দখলে নেওয়া তালেবানের প্রতি নিজেদের অবিশ্বাস প্রকাশ করেছে সংগঠনটি। মুসলিম দেশগুলো আফগানিস্তানের নতুন বাস্তবতা নিয়ে উদ্বিগ্ন বলেও জানিয়েছে ওআইসি।

বিবৃতিতে আফগানিস্তানের বিভিন্ন পক্ষকে তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার আহ্বান জানিয়েছে মুসলিম বিশ্বের এই সংগঠন।

ইত্তেফাক/টিআর