জুলহাজ-তনয় হত্যা

আট আসামির মৃত্যুদণ্ডের আবেদন রাষ্ট্রপক্ষের

সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে জিয়াসহ আট আসামির মৃত্যুদণ্ড প্রদানের আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল রবিবার ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আবেদন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম ছারোয়ার খান (জাকির)। এদিন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম যুক্তি উপস্থাপন শুরু করেন। তবে তা শেষ হয়নি। আজ সোমবার অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান। গত বছরের ১৯ নভেম্বর আলোচিত এই হত্যা মামলায় অভিযোগ গঠন করা হয়।

২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় করা মামলায় জিয়াসহ আট জনকে আসামি করা হয়েছে।