‘জলরঙ’-এর জন্য চূড়ান্ত সাইমন সাদিক

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘জলরঙ’ এর জন্য নায়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছে সাইমন সাদিককে। সোমবার বিষয়টি নিশ্চিৎ করেছেন সাইমন নিজেই।

সাইমন সাদিক ইত্তেফাক অনলাইনকে জানান, ‘অপূর্ব রানা ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো। তার সিনেমাটিতে অনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও মৌখিকভাবে চূড়ান্ত হয়েছি। অবশ্য রানা ভাইয়ের ছবিতে মৌখিক চূড়ান্ত মানেই যথেষ্ট আমার কাছে। দুই-একদিনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি করবো। সেপ্টেম্বর মাসের শুরুর দিকে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা আছে।’

জানা গেছে, সিনেমাটির নায়ক হিসেবে সাইমনের নামেই অনুদানে জন্য জমা দেওয়া ছিলো। তাই সিনেমাটিতে সেই থাকছেন। তবে সাইমনের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনও চূড়ান্ত নয়। শিগগিরই নায়িকা চূড়ান্ত করা হবে।

গত ১ আগস্ট করোনার প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত হয়েছিলেন সাইমন সাদিক। বর্তমানে তিনি করোনামুক্ত। ১২ দিন অসুস্থ থাকার পর অবশেষে শুক্রবার (২০ আগস্ট) এ মহামারি ভাইরাস থেকে মুক্ত হলেন ‘পোড়ামন’খ্যাত এই নায়ক।

বর্তমানে সাইমনের হাতে রয়েছে ‘গ্যাংস্টার’সহ কয়েকটি সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘কাজের ছেলে’, ‘লাইভ’ ও ‘আনন্দ অশ্রু’। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রেক্ষাগৃহে সিনেমাগুলো মুক্তি পাবে।

ইত্তেফাক/বিএএফ