তালেবানের অনুরোধে জ্বালানি রফতানি পুনরায় শুরু করেছে ইরান

তালেবানের অনুরোধে আবারও আফগানিস্তানে পেট্রলসহ জ্বালানি তেল রফতানি শুরু করেছে ইরান। কয়েকদিন আগেই এ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আজ সোমবার (২৩ আগস্ট) এ কথা জানিয়েছে ইরানের তেল, গ্যাস এবং পেট্রোক্যামিক্যাল পণ্য রফতানিকারক ইউনিয়ন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। দেশটির মার্কিন ও ন্যাটো বাহিনীর দীর্ঘ ২০ বছরের যুদ্ধের অবসানের পর পরই তারা কাবুল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

গত সপ্তাহে তালেবানের ভয়ে আতঙ্কিত আফগানরা কাবুল ছেড়ে পালিয়ে যাওয়া শুরু করলে মুহূর্তের মধ্যেই দেশটিতে পেট্রলের দাম প্রতি টন ৯০০ ডলারে পৌঁছে যায়। এরপরই মূল্যবৃদ্ধি মোকাবিলায় নতুন তালেবান সরকার ইরানকে ব্যবসায়ীদের জন্য সীমান্ত খোলা রাখতে অনুরোধ জানায়।

তেহরানে ইরানি ইউনিয়নের বোর্ড সদস্য এবং মুখপাত্র হামিদ হোসেইনি বলেন, তালেবান ইরানকে বার্তা পাঠিয়ে বলে যে, আপনারা জ্বালানি পণ্য রফতানি চালু রাখতে পারেন। তবে নিরাপত্তার স্বার্থে ইরানের কিছু ব্যবসায়ী সতর্ক ছিলেন।

তালেবানরা ইরান থেকে জ্বালানি আমদানিতে শুল্ক ৭০ শতাংশ পর্যন্ত কমানোর পর কয়েকদিন আগেই রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। যোগ করেন তিনি।

ইরানের তেল-গ্যাস গবেষণা ও পরামর্শক প্ল্যাটফর্ম পেট্রোভিউর সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানে ইরানের প্রধান রফতানিকারক পণ্য হলো পেট্রল। ২০২০ সালে মে মাস থেকে ২০২১ সালের একই সময় পর্যন্ত দেশটিতে ৪ লাখ টন জ্বালানি রফতানি করেছে তেহরান।

ইত্তেফাক/টিএ