n মাহমুদুল আমিন
ছেলেদের চলমান বিশ্বে ক্যাজুয়াল ফ্যাশন সবচেয়ে জনপ্রিয়। বাংলাদেশের আবহাওয়ার জন্যও তা প্রযোজ্য। ছেলেদের জন্য গরমের মোক্ষম পোশাক ক্যাজুয়াল শার্ট। ফ্যাশন কেমন হবে তা অনেকটা নির্ভর করে ঋতু আর ট্রেন্ডের ওপর। এবারের বর্ষা শেষে এখন গুরুত্ব পাচ্ছে ক্যাজুয়াল শার্ট। এই সময় ক্যাজুয়াল শার্টে মিলবে যেমন স্বস্তি তেমনি দেবে ফ্যাশনেবল লুক। ক্যাজুয়াল এক রঙের শার্টের মধ্যে সুতির চলই বেশি। তবে সুতির একরঙা শার্ট পরলে অনেক সময় কিছুক্ষণ চলাফেরা করলে শার্টে ভাঁজ পড়ে যায়। তাই বেছে নিতে পারেন সুতি ও অন্য সুতার মিশ্রণে তৈরি শার্ট। এতে ভাঁজ পড়লেও কম নজরে আসবে। শার্টের বোতামেও বেশ ভিন্নতা দেখা যাচ্ছে। সাদা স্বচ্ছ বোতাম তেমন আর দেখা যায় না। শার্টের রং যেমনই হোক, গাঢ় রঙের বোতামই চলছে বেশ। ক্যাজুয়াল শার্ট নিয়ে কথা হয় ফ্যাশন হাউজ ইজি’র সত্ত্বাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘সময়টা এখন ক্যাজুয়ালের। অনেকেই এই ভ্যাপসা গরমে ফরমাল পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।’ শার্টের রং আর নকশায় এ বছর বেশ ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে বলে জানালেন তিনি। তিনি আরও বলেন, ‘ছেলেদের শার্টে বেশ কিছু পরিবর্তন এসেছে। পরিবর্তনগুলো বড় কিছু না, খুব সূক্ষ্ম। যদিও শার্টের লুক বদলে দিতে এই পরিবর্তনগুলো বেশ গুরুত্ব পাচ্ছে। শুধু যে ক্যাজুয়াল শার্টেই নতুনত্ব এসেছে তা কিন্তু নয়, নকশায় পরিবর্তন এসেছে আমাদের অন্যান্য পোশাকেও। যেমন আমাদের পাঞ্জাবি, ফতুয়া, কাতুয়াগুলোতে। এতদিন শার্টের কলার, হাতা সবকিছুতে একই কাপড় ব্যবহার হলেও বর্তমানে এই ট্রেন্ডে কিছুটা পরিবর্তন এসেছে। এখন কলারের ভেতরের অন্য রঙের কাপড় দিয়ে ক্যাজুয়াল শার্টগুলোয় ফ্যাশনেবল লুক আনা হচ্ছে। হাতার কাফেও একই নকশা ব্যবহার হচ্ছে। প্রিন্টেড শার্টে ছাপা নকশার কোনো একটা রং বেছে নিয়ে দেওয়া হচ্ছে গলা কিংবা হাতায়। ফ্যাশনের হাওয়া বদলে এখন শার্টেও টিকিং ব্যবহার হচ্ছে। দুই রং বা দুই রকমের নকশা করা কাপড় জুড়ে দেওয়া হচ্ছে শার্টে। শার্টের এই পরিবর্তন হাল ফ্যাশনে বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে। ক্যাজুয়াল শার্টের মধ্যে চেক প্রিন্টের জায়গা সবর্দাই থাকে। তবে ফ্যাশন পরিবর্তনের তাগিদে এখন প্রচলিত অন্যান্য প্রিন্টের শার্টও তৈরি করা হচ্ছে। গরমের কথা মাথায় রেখে নরম সুতির কাপড় ব্যবহার করেছি। রঙের ক্ষেত্রে আমরা প্রাধান্য দিচ্ছি হালকা নীল রঙের। ক্যাজুয়াল শার্টে সাদা, অফ হোয়াইট, মেরুন, আকাশী, কালো এবং হালকা রংগুলো এখন ফ্যাশনেবল। শার্টে নরম সুতি কাপড় প্রাধান্য পাচ্ছে। ক্যাজুয়ালে ফুল হাতা শার্ট, হাফ হাতা শার্ট দু’টিই সমানতালে চলছে। আমরা রেগুলার ও ফিটেড দুটি স্টাইলই ব্যবহার করছি।’
পোশাক ও ছবি ইজি