সকাল কিংবা বিকেলের নাস্তায় স্বাদে ভিন্নতা আনার ইচ্ছে থাকে সবারই। ভিন্ন স্বাদের চার পদের কেকের রেসিপি নিয়ে আজকের আয়োজন। রেসিপিগুলো দিয়েছেন নাদিয়া নাতাশা
ব্ল্যাক ফরেস্ট কেক
উপকরণ :ময়দা ১/৪ কাপ, ডিম ৩টি, কোকো পাউডার ১/৪ কাপ, গুঁড়া দুধ ৪ চা চামচ, কফি পাউডার ১ চা চামচ, চিনি ১/২ কাপ, বেকিং পাউডার ১/২ চা চামচ, লিকুইড চকলেট ১০০ মি.লি., বাটার ২০০ গ্রাম, আইসিং সুগার ১০০ গ্রাম, ভ্যানিলা ৫ গ্রাম, চকলেট গানাশ, চেরি প্রয়োজনমতো, সুগার সিরাপ ১ কাপ।
প্রণালি :ডিম চিনি ইলেকট্রিক বিটারে ফেটিয়ে নিন। ময়দা কোকো পাউডার বেকিং গুঁড়া দুধ একত্রে ঢেলে নিন। কফি পাউডারে ১/৪ কাপ গরম পানিতে গুলে নিন। ডিমের মিশ্রণে অল্প অল্প করে ময়দার মিশ্রণ দিন। শেষ হলে গোলানো কফি দিয়ে আবারও নেড়ে মেশান। গোলা ৬ ইঞ্চি ২টি কেক প্যানে ডো ২ ভাগে ভাগ করে ঢেলে বেক করুন এতে কেক ভালো হবে। ক্রিম বানাতে হুইপ ক্রিম ও আইসিং সুগার বিট করে নিন। ভ্যানিলা অ্যাসেন্স দিন। কেকে মাঝখানে কেটে সুগার সিরাপ, চেরি কুচি বা চেরি জ্যাম, ক্রিম দিন। ক্রিম দিয়ে পছন্দমতো ডিজাইন করে নিন। চকলেট গানাশ বা চকলেট কুচি ও চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
রেড ভেলভেট কেক
উপকরণ :ক্রিম তৈরি—কেকের ক্রিম তৈরি করতে প্রয়োজন হবে ক্রিমচিজ ২ কাপ, গুঁড়া চিনি ৩ থেকে ৪ কাপ। মাখন দেড় কাপ। ভ্যানিলা ১ চা-চামচ, দুধ এক কাপের চার ভাগের এক ভাগ।
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে বিট করতে হবে। এরপর এক টুকরা বরফ মিশিয়ে আবারও ভালোভাবে বিট করে ফ্রিজে রেখে দিন।
কেক তৈরির উপকরণ :ময়দা ৪৪০ গ্রাম, দুধ ৫০০ গ্রাম, চিনি ৪০০ গ্রাম, মাখন ১৭০ গ্রাম, ৪৫০ গ্রাম কোকো পাউডার, ২০ গ্রাম ভ্যানিলা এসেন্স, লবণ স্বাদমতো, লাল ফুড কালার ৪ টেবিল চামচ, দই ৩৭০ গ্রাম, ভিনেগার দেড় চা-চামচ, বেকিং সোডা দেড় চা চামচ, ডিম ৩টি।
প্রণালি :প্রথমে চিনি, মাখন এবং লবণ একসঙ্গে বিট করে নিতে হবে। অন্য একটি পাত্রে ময়দা, কোকো পাউডার একসঙ্গে মিশিয়ে চালুনিতে চেলে নিতে হবে যেন কোনো দানা না থাকে। বিট করে রাখা চিনি, মাখন এবং লবণের সঙ্গে ভ্যানিলা এসেন্স, ফুড কালার আর ডিম—এক এক করে দিয়ে বার বার বিট করে নিতে হবে। সামান্য পানি দিয়ে দই ফেটে নিন। এরপর দই এবং ময়দা আলাদা করে অল্প অল্প করে দিয়ে বার বার বিট করতে হবে। তাহলে বিট করতে সুবিধা হবে। সবশেষে ভিনেগার মিশিয়ে আবারও বিট করুন। এরপর পাত্রে ঢেলে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ মিনিট বেক করতে হবে। কেক নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হলে ফ্রিজে রাখা ক্রিম বের করে আরও একবার বিট করে মনমতো করে লেয়ার হিসেবে সাজিয়ে নিতে হবে।
লেমন ফ্লেভার কেক
উপকরণ :ময়দা ১৫০ গ্রাম, চিনি ১৫০ গ্রাম, ডিম ৪টি, বেকিং পাউডার দেড় চা চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, লেমন ফ্লেভার ১/২ চা চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, লেমন জুস ১/২ কাপ, লেমন ফুড কালার সামান্য, হুইপ ক্রিম ১ কাপ।
সিরাপের জন্য— পানি ১ কাপ, চিনি ২/৩ টেবিল চামচ (জাল দিয়ে ঠান্ডা করে নিন)।
প্রণালি :ডিমের সাদা অংশগুলো আলাদা করে নিন। এবার বিটার দিয়ে বিট করে ফোম করে ফেলুন। ধবধবে সাদা ফোম হবে। ফোমের সঙ্গে চিনি ও কুসুমগুলো অল্প অল্প করে মিশিয়ে বিট করতে হবে। এবার ময়দা, বেকিং পাউডার, গুঁড়া দুধ একসঙ্গে চালনিতে চেলে নিন ও ডিমের মিশ্রণে অল্প অল্প করে মেশাতে থাকুন। সব মেশানো হলে লেমন ফ্লেভার ও লেমন জুস, কালার মেশাতে হবে। একটা গোল মোল্ড দিয়ে তাতে তেল বা বাটার গ্রিজ করে ময়দা ছিটিয়ে দিন। বাড়তি ময়দা ঝেড়ে ফেলে দিন। মোল্ডে মিশ্রণ ঢেলে দিয়ে প্রি-হিটেড ওভেনে ১৬০ ডিগ্রি তাপে ২৫-৩০ মিনিট বেক করতে হবে। হুইপ ক্রিম, লেমন ফ্লেভার, ফুড কালার দিয়ে বিট করে ক্রিম তৈরি করুন। কেক ঠান্ডা করে মাঝখান থেকে কেটে ব্রাশ দিয়ে প্রথমে সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে ইচ্ছেমতো সাজিয়ে নিন।
সুইস রোল
উপকরণ :ময়দা ১৫০ গ্রাম, চিনি ১৫০ গ্রাম, ডিম ৪টি, বেকিং পাউডার দেড় চা চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, ক্রিম/জ্যাম ১ কাপ, যে কোনো ফুড কালার ২/৩ ফোটা, (না দিলেও হবে) গুঁড়া দুধ ২ টেবিল চামচ।
প্রণালি :ডিমের সাদা অংশগুলো আলাদা করে নিন। এবার বিটার দিয়ে বিট করে ফোম করে ফেলুন। ফোমের সঙ্গে চিনি ও কুসুমগুলো অল্প অল্প করে মিশিয়ে বিট করতে হবে। এবার ময়দা, বেকিং পাউডার, গুঁড়া দুধ একসঙ্গে চালনিতে চেলে নিন এবং ডিমের মিশ্রণে অল্প অল্প করে মেশাতে থাকুন। সব মেশানো হলে ভ্যানিলা এসেন্স মেশাতে হবে। ইচ্ছামতো কালার যোগ করতে পারেন। একটা চারকোনা ছড়ানো কেক মোল্ড বাটার পেপার বিছিয়ে দিন। বাড়তি ময়দা ঝেড়ে ফেলে দিন। মোল্ডে মিশ্রণ ঢেলে দিয়ে প্রি-হিটেড ওভেনে ১৬০ ডিগ্রি তাপে ১৫-২০ মিনিট বেক করতে হবে। বেক হয়ে গেলে সামান্য ঠান্ডা করুন। একটি বাটার পেপার বিছিয়ে নিন। কেক খুব সাবধানে টিনসহ সেই পেপারের ওপরে উল্টো করুন। এতে কেকের বাদামী অংশটা বিছিয়ে রাখা কাগজের ওপরে পড়বে এবং নিচের অংশটা ওপরে। এবার টিনে বিছিয়ে দেওয়া যে কাগজটা কেকের সঙ্গে লেগে আছে, সেটা সরিয়ে ফেলুন। কাগজ দিয়ে রোল করে ফ্রিজে রাখুন, ঠান্ডা হলে বের করে ভালো করে ক্রিম/জ্যাম মাখিয়ে দিন কেকের এই পাশে। এবার আস্তে আস্তে কেকটা রোল করা শুরু করুন। কাগজ সরিয়ে রোল করে কাগজ বাইরে থেকে ভালো করে মুড়ে নিন। আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে কেটে সার্ভ করুন।